বেতাগী : জাতি বর্ন ধর্ম গোত্র ভেদাভেদ ভুলে দেশের সকল মানুষের মঙ্গল কামনায় বরগুনার বেতাগী সার্বজনীন কেন্দ্রীয় কালিমন্দিরের হরিসভা প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান গতকাল শনিবার রাতে অধিবাস, শ্রীমদ্ভাগবত, শ্রীমদ্ভাগবতগীতা পাঠ, মঙ্গল আরতি, বিশেষ প্রার্থণা ও অন্নপ্রসাদ বিতরণের মধ্যে শুরু হয়েছে।
আয়োজকদের অনুষ্ঠান পত্রে জানা গেছে, আজ রবিবার ব্রহ্মমুর্হূত থেকে ১৬ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। আগামি সোমবার ব্রহ্মমুর্হূতে শেষ হবে। সোমবার দুপুরে মহোৎসব এবং রাতে পদাবলী কির্ত্তনের মাধ্যমে চারদিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এতে দেশের ৬ টি খ্যাতনামা কির্ত্তনীয়া সম্প্রদায় নাম সুধা পরিবেশন করেন। বাগেরহাট থেকে ভক্ত নরোত্তম সম্প্রদায়, খুলনা থেকে মা ভবতারিনী ও গৌরসুন্দর সম্প্রদায়, মানিকগঞ্জ থেকে লক্ষ্মী নারায়ন সম্প্রদায়, নড়াইল থেকে দেব নারায়ন সম্প্রদায় এবং ঢাকা থেকে গৌরাঙ্গ সুন্দর সম্প্রদায় নাম সুধা পরিবেশন অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারি প্রতিদিন ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করেন।
সাবেক প্যানেল মেয়র ও অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি বরুণ কৃষ্ণ কর্মকার ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার বলেন, দেশের সকলের মঙ্গল কামনায় প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।