স্টাফ রিপোর্টার।। নগরীর কাউনিয়ার ভাটিখানা এলাকায় আওয়ামী লীগ করার অপরাধে চাঁদা দিতে অস্বীকার করায় এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে বিএনপি নেতা মেহেদী হাসান ও তার সন্ত্রাসী বাহিনী।
এ সময় হামলা চালিয়ে নগদ অর্থ,ঘর ভাংচুর, এবং মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৫ আগস্ট) রাত ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সুগন্ধা গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা রতন চন্দ্রশীলের স্ত্রী জোসনা, ছেলে সুজন চন্দ্রশীল এবং মেয়ে রুমা চন্দ্রশীল। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী জোসনা জানান, তার বড় ছেলে সঞ্জয় চন্দ্র শীল আওয়ামী লীগ কর্মী হওয়ায় তার পরিবারের কাছে বেশ কয়েকদিন যাবত এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছেন একই এলাকার বিএনপি নেতা মেহেদী হাসান ও তার সাঙ্গ পাঙ্গরা। জোসনা মেহেদি কে কয়েক ধাপে ৪৯ হাজার টাকা দেয়ার পরও জোসনার কাছে পাওনা টাকা পাবে বলে মেহেদী দাবি করেন। তারই সূত্র ধরে ঘটনার দুদিন আগেও মেহেদী ও তার বাহিনী টাকার জন্য জোসনার ঘর ভাঙচুর করেন। ঘটনার দিন বুধবার রাতে পুনরায় মেহেদী ও তার সন্ত্রাসী বাহিনী মিলে জোসনার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। সে অপারগতা স্বীকার করলে উত্তেজিত হয়ে ছেলে সুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সে ও তার মেয়ে রুমা এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে নগদ অর্থ, ঘর ভাংচুর এবং মালামাল লুটপাট করে। ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।