স্টাফ রিপোর্টার।। সাহেবেরহাট বন্দর থানাধীন নরকাঠি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই দফায় হামলা চালিয়ে বড় ভাই ও তার স্ত্রীকে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আদালত চত্বরে এবং শুক্রবার সকাল সাড়ে ৭টায় নরকাঠি হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন,ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ এবং তার স্ত্রী আসমা বেগম।আহতদের মধ্যে আবুল কালাম আজাদ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী আবুল কালাম জানান, গত এক বছর পূর্বে তার ছোট ভাই বাদল হাওলাদার মেজ ভাই স্বপন হাওলাদারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় স্বপন বাদী হয়ে বাদল এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইতিপূর্বে স্বপনের সাথে কালামের সুসম্পর্ক হওয়ার ঘটনা জেনে বাদল কালামের উপর ক্ষিপ্ত হন। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সেই মামলার হাজিরা দিতে আদালতে গেলে সেখানে বাদল আবুল কালাম কে বেধড়ক মারধর করে। একপর্যায়ে শুক্রবার বাড়িতে দ্বিতীয় দফায় তার উপর হামলা চালায়। এ সময় স্ত্রী আসমা এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্থানীয়রা আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ভুক্তভোগী আবুল কালামের মেয়ে মাকসুদা অভিযোগ করে বলেন, বাদলের অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ।বাদল তাকেও তার পরিবারকে হত্যা, হামলা, এবং মামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে আসছেন। একই সাথে তার মাস্টার্স পরীক্ষা থেকে বঞ্চিত করার হুমকি প্রদান করছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আসমা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।