স্টাফ রিপোর্টার।। ঝালকাঠীর গড়িপাশা অনুরাগ গ্রামে মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে ফাঁসানোর চেষ্টায় ঘরে আটকে রেখে টানা টানা এক ঘন্টা নির্যাতন চালিয়েছে রিয়াদ ও তার সহযোগীরা। এ সময় নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ জুন) দুপুর দেড়টায় অনুরাগ গ্রামের মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের নাম শান্ত তালুকদার। সে তিমির কাঠী গ্রামের বাসিন্দা জসিম তালুকদারের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর খানের ছেলে রিয়াদ খান একই গ্রামের সুমাইয়া নামের এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই মেয়ের ছবি তুলে কে বা কাহারা তাদের মোবাইল ফোনে পাঠিয়ে দেয়। সেই ছবি পাঠানো কে কেন্দ্র করে শান্তকে তারা সন্দেহ করে অশ্লীল ভাষায় গালমন্দ করে এবং বিভিন্ন রকম হুমকি-ধামকি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার দুপুরে শান্ত টিসিবি পণ্য ক্রয় করার জন্য তার নানা বাড়ি থেকে রওনা হয় বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে মল্লিক বাড়ির পাশে ওৎ পেতে থাকা জাহাঙ্গীর খানের ছেলে রিয়াদ খান, শাহিনের ছেলে সাকিব, সালামের ছেলে দিপু, বাবুলের ছেলে সৈকত ও জাহাঙ্গীরের ছেলে রিফাত সহ অজ্ঞাত আরো কয়েকজন তার পথ রোধ করে রিয়াদের ঘরে নিয়ে যায় এবং রিয়াদ ও সুমাইয়ার ছবি তুলে তাদের মোবাইলে ছেড়েছে বলে মিথ্যা অপবাদ দেয়। এ ঘটনার সাথে সে জড়িত নয় বলে জানায়। পরে তারা মোবাইল ফোনে মিথ্যা স্বীকারোক্তি দিতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে তারা উত্তেজিত হয়ে তার হাত-পা দড়ি দিয়ে বেঁধে এবং তার মুখে গামছা দিয়ে বেঁধে ছুড়ি এবং জিআই পাইপ দিয়ে তার ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে বিবস্ত্র করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার মা নুপুর বেগম বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।