স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে টাকা নিয়ে জমির রেজিস্ট্রি বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে এক মাছ ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ জুন) সকাল ৬ টায় ছোট মাসুয়া গ্রামের কাটাখালি হাওলাদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: জলিল খান সে ওই গ্রামের বাসিন্দা মনু খানের ছেলে পেশায় একজন মাছ ব্যবসায়ী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতের চাচা আইয়ুব খান জানান, জলিল গত ১১ বছর আগে একই গ্রামের শাহিন, তুহিন ও হারুনের কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যে ৩ কাঠা জমি ক্রয় করে। পুরো টাকা বুঝিয়ে দিয়ে সেই জমিতে প্রায় ৭২ হাজার টাকার বালু ফেলে ভরাট করে। জমি দখলে থাকলেও বুঝিয়ে দেয়নি রেজিস্ট্রি কাগজপত্র। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে তার ট্রলারের জেলেদের মজুরি বুঝিয়ে দেয়ার জন্য টাকা নিয়ে কাটাখালির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে হাওলাদার বাড়ির সামনে ওৎ পেতে থাকা শাহীন,তুহিন,বাবুল, হারুন ও ইমাদুল সহ কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। এ সময় তার সাথে থাকা ২ লক্ষ ৭৫ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। তার ডাক চিৎকারে স্থানীয় ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।