স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলার,গোপখালী গ্রামে জোরপূর্বক গাছের আমপাড়া কে কেন্দ্র করে দুই দফায় হামলা চালিয়ে মা ও মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪ টায় ও বিকেল সাড়ে ৫ টায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা রুস্তম আলীর স্ত্রী আশুরা বেগম ও মেয়ে পারুল বেগম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত পারুল জানান, ঘটনার দিন বিকেলে তাদের আমগাছ থেকে জোরপূর্বক আম পেড়ে নেয় একই গ্রামের ইয়াকুব খান, তার ছেলে রাকিব,মেয়ে খুশি,তানজিলা, স্ত্রী তাজী নুর বেগম ও ভাতিজা সাদ্দাম সহ কয়েকজন। এ সময় পারুল ও তার মা আশুরা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে তারা তাদের চোখে মরিচের গুঁড়া দিয়ে বেধড়ক মারধর করে ।
তারই ধারাবাহিকতায়, ঘটনার দেড় ঘন্টা পর ইয়াকুব সহ অন্যান্যরা পারুলকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপায়। এ সময় তার মা তাকে উদ্ধার করতে গেলে তাকেও বেধড়ক মারধর করে। আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।