দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, জনতার দখলে গনভবন
নিজস্ব প্রতিবেদক: ৫ আগষ্ট, সোমবার বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।
সোমবার বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সে সুযোগ পাননি।
এদিকে গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছেন। গণভবনে ঢুকে লেক থেকে বিশাল আকৃতির মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা গেছে কাউকে। আবার গণভবনের বালিশ হাতেও দেখা গেছে কাউকে কাউকে।
গণভবনের শাকসবজি, মাছ-মাংস, চেয়ার যে যা পাচ্ছেন, তা-ই নিয়ে দৌড় দিচ্ছেন। নিয়ে গেছে ল্যান্ডফোন, কাপ-পিরিচও।