অনলাইন ডেস্ক: তীব্র তাপদাহে কুয়াকাটায় আগত পর্যটকরা বাতিল করছেন অগ্রীম বুকিং দেয়া হোটেল-রিসোর্টের কক্ষ। আবার কেউ কেউ কুয়াকাটায় দুই-তিন দিন থাকার জন্য এসে গরমে অতিষ্ঠ হয়ে ফিরে যাচ্ছেন একদিন থেকে। এতে কাঙ্ক্ষিত পর্যটক পাচ্ছেন না পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে আবহাওয়া অফিস বলছে আরও একসপ্তাহ অপরিবর্তিত থাকতে পারে তাপদাহ।
কুয়াকাটায় বেশ কয়েকটি হোটেল মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী সময় কুয়াকাটা পর্যটকদের আগমনে সরগরম থাকে। তবে এবার ঈদের পরপরই অসংখ্য পর্যটকদের আগমন থাকলেও হঠাৎ পর্যটকের উপস্থিতি কমে গেছে। প্রচন্ড তাপদাহের কারণে হোটেলের অগ্রীম বুকিং করা কক্ষ পর্যটকরা বাতিল করছেন বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, মুলত ঈদ পরবর্তী সময়কে আমরা পর্যটক মৌসুমের একটি বড় সময় ধরে থাকি। তবে এ বছর মৌসুমে পর্যটক আসা শুরু করলেও অতিরিক্ত তাপমাত্রা সবকিছু এলোমেলো করে দিয়েছে। কুয়াকাটায় প্রায় ২০০ আবাসিক হোটেল-রিসোর্ট রয়েছে, তার মধ্যে ৪০-৫০ শতাংশ হোটেল কক্ষে এসি থাকে। সব পর্যটকরা তো আবার এসিতেও থাকে না।
কলাপাড়া উপজেলা সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. জিল্লুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ এর আশেপাশে অবস্থান করছে তাপমাত্রা। আগামী আরও এক সপ্তাহ এ অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। তাই তাপমাত্রা না কমা পর্যন্ত সকলকে সাবধানে থাকার পরামর্শ তাদের।