র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। এর ফলে নৌবাহিনীতে যোগ দেবেন তিনি। এর আগে তাকে ২০২১ সালের মার্চে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বদলির বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, র্যাব ফোর্সেসের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। ১৮ এপ্রিল বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব ফোর্সেসের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান ইমরান খান।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, দীর্ঘদিন আইন ও গণমাধ্যম শাখায় কর্মরত থাকা অবস্থায় গণমাধ্যমকর্মীরা অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। তাকে ২০২১ সালের মার্চে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।