স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জের চরমদ্দি ইউনিয়নে গাছ বিক্রি করাকে কেন্দ্র করে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুর ২ টায় বাদল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে ওই গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের ৫টি মেহগনি গাছ তার অনুমতি ছাড়া বিক্রি করেন তার চাচাতো ভাই জাকির হাওলাদার। ৪০ হাজার টাকায় বিক্রি করে মাত্র ১ হাজার টাকা তাকে দেন। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার হানিফ এর ঘরের টিনের উপরে থাকা জাকিরের লাগানো চাম্বল গাছ কেটে দিতে বলায় উত্তেজিত হয়ে জাকির লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে হাফিজুর রহমান তানজিল উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও মারধর করে। ঘটনার পর স্বজনরা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে বলেন, জাকির হাওলাদার আওয়ামী লীগের দোসর। তার অত্যাচারে হানিফ ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধান মন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।