স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে বাকেরগঞ্জের পূর্ব শরশি গ্রামে এক গার্মেন্টস শ্রমিককে হত্যার চেষ্টা চালিয়েছে আপন ভাই ও তার পরিবারের লোকজন। শনিবার দিবাগত ভোর সাড়ে ৩ টায় খান বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম সুমন খান সেই গ্রামের বাসিন্দা আমজেদ আলী খানের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্ত্রী নিপা জানান, তাদের সাথে তার ভাসুর মনির ও লিটনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই সূত্র ধরে গত ১৫ দিন আগে মনির সহ অন্যান্যরা নিপাকে মারধর করে একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয়। এ ঘটনায় সে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। মামলা উঠাতে সুমনকে মোবাইল ফোনে হত্যা, হামলা ও মামলা সহ বাড়িতে আসলে দেখে নেয়ার হুমকি দেয়। গত শুক্রবার সুমন বাড়িতে আসলে শনিবার দিবাগত ভোররাতে প্রকৃতির ডাকে সে ও তার স্ত্রী ঘর থেকে বের হয়। এসময় ঘরের পাশে ওৎ পেতে থাকা মুখোশধারী মনির,লিটন,পিংকি, ও লিপি সহ অজ্ঞাত আরো ৪-৫ জন লাঠি সোটা নিয়ে সুমনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় নিপা বাধা প্রদান করলে তাকেও মারধর করে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।