স্টাফ রিপোর্টার
বিমানবন্দর থানাধীন চন্দ্রপাড়ায় সুদের টাকা পাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২১ফেব্রুয়ারি) দুপুর ৩টায় দারোগারহাট মুন্সি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সাইফুল শরীফ তার স্ত্রী রাশিদা বেগম। আহতদের মধ্যে সাইফুল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাইফুল জানান, তার শ্বশুর বাড়ি চন্দ্রপাড়া মুন্সিবাড়িতে হওয়ার সুবাদে তার স্ত্রী রাশিদা বেগম গত দুই বছর আগে চন্দ্রপাড়া দারোগারহাট গ্রামের চিহ্নিত মাদক ও সুদি ব্যবসায়ী সুমিও আঁখির কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা সুদে আনে। কিন্তু ৬৭ হাজার টাকায় দুই লক্ষ টাকার সুদ দেয়ার পরেও তার কাছে ৩ লক্ষ টাকা পাবে বলে দাবি করে এবং জাল জালিয়াতি করে স্ট্যাম্পে ৩ লক্ষ টাকা লিখিয়ে নেয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার দুপুরে সুমিও আখি রাশিদার পিত্রালয়ে গিয়ে ৩ লক্ষ টাকা পাবে বলে দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শামীম,সোহেল,শাফিন, সুমিও আখিসহ কয়েকজন রাশিদা তার শ্বাশুড়ি ও ছেলেকে বেধড়ক মারধর করে। এ সময় সাইফুল বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে শামীম সহ অন্যান্যরা তাকেও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের মধ্যে সাইফুলকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।