স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার সাহেবের হাট চরকাউয়া নয়ানি ইউনিয়নে মামলা থেকে জামিন পেয়ে দুই দফায় হামলা চালিয়ে নারীসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে অপর পক্ষের লিটন ও সজীবের নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর ৩ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা হেমায়েত হাওলাদার স্ত্রী জেসমিন ভাবি হালিমা খাতুন ও ছেলে রিমন হাওলাদার। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনা নিয়ে হেমায়েত এর স্ত্রী জেসমিনের সাথে পার্শ্ববর্তী নুরজামাত হাওলাদারের স্ত্রী রেকসোনার মধ্যে তুমুল ঝগড়া হয়। এ সময় নুরজামাত লিটন ও সজীব সহ কয়েকজন ঘরে ঢুকে জেসমিনকে লাঠি পেটা করে। এ ঘটনায় হেমায়েত বাদী হয়ে ওই দিন আদালতে একটি মামলা দায়ের করে। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে নুরজামাত সহ অন্যান্যরা আদালত থেকে জামিন নিয়ে নুরজামাত রোকসানা লিটন সজীব সহ অজ্ঞাত আরো ৪-৫ জন হেমায়েত কে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে জেসমিন, হালিমা, ও রিমন ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে লিটনসহ অন্যান্যরা পুনরায় তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।