স্টাফ রিপোর্টার ।। বরিশালের মেহেন্দিগঞ্জে এক লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় মুদি দোকানদার মোঃ কাঞ্চন বয়াতি কে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (০৮ জুন) রাত সাড়ে ৮ টায় দোকান বন্ধ করার সময় তার উপরে হামলা চালানো হয় । আহত হলেন ০৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ভোলানাথ গ্রামের বাসিন্দা মৃত গনি বয়াতির ছেলে।
বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁদার জন্য একজন ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোশারফ হাওলাদার দীর্ঘদিন যাবত ব্যবসায়ী কাঞ্চন বয়াতির কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ওই স্থানে দোকান চালাইতে দিবে না বলে হুমকি দেয়। চাঁদা না দেওয়ায় ঘটনার দিন দোকান বন্ধ করার সময় পূর্ব পরিকল্পিতভাবে মোশারফ হাওলাদার, আনিস হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার সহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দোকান ভাঙচুর নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মোশারফ হাওলাদার নামে নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।