স্টাফ রিপোর্টার।। মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে গরুতে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে এক কৃষককে এলোপাথাড়ি পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সেলিমাবাদ গ্রামের বটতলা ব্রিজ সংলগ্ন শাহিনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম সাইফুল বেপারী। সে ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন বেপারীর ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের বাবা কাঞ্চন অভিযোগ করে জানান, ঘটনার দিন বুধবার সকালে পার্শ্ববর্তী মাহফুজের গরু তার সয়াবিন ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। এ সময় তার ছেলে সাইফুল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করে তার ঘরে চলে যায়। তারই সূত্র ধরে দুপুর সাড়ে ১২ টায় মাহফুজ ও আলম সাইফুলকে ডেকে নিয়ে বটতলা ব্রিজ সংলগ্ন শাহিনের দোকানের সামনে আটকে রাখে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে রহিম, আলম, মাহফুজ, শামীম, শাকিব, কচর ফকির, নাঈম, মমিন ও সাদ্দামসহ অজ্ঞাত আরো কয়েকজন দা, জি আই পাইপ ও হাতুড়ি দিয়ে তার ওপর অমানবিক নির্যাতন চালায়। এতে তার দুই পা ভেঙে যায়। আহতের ডাক চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তারা বাধা প্রদান করে। ঘটনার দুই ঘন্টা পর আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা সাইফুলের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, মাহফুজ ও তার পরিবারের অত্যাচারে সে ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।