স্টাফ রিপোর্টার।। মাদারীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে এক ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে কিশোর গ্যাং বাহিনী। এ সময় নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০মে) দুপুর ১২ টায় সুচিয়ার ভাঙ্গা গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম সাগর বেপারী। সে ৮ নং মোস্তফাপুর ইউনিয়নের ইউপি সদস্য। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাগর জানান, তার সাথে পার্শ্ববর্তী বালিয়া গ্রামের কিশোর গ্যং অপু হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন আজ দুপুরে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বালিয়া হাওলাদার বাড়ির সামনে ওৎ পেতে থাকা কিশোর গ্যং বাহিনীর প্রধান অপু হাওলাদার তার সহযোগী জয়নাল ও মহিউদ্দিনসহ অজ্ঞাত আরো ৫-৭ জন তার পথ রোধ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং হকিষ্টিট দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্হল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।