অনলাইন ডেস্ক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে বুধবার রাতে মোঃ সবুর হাওলাদার (৪৫) নামে দুই সন্তানের জনককে আটক করেছে থানা পুলিশ। আটক সবুর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সবুরকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। জানাগেছে, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামে আঃ ওয়াহেদ দরবেশ হুজুর বাড়িতে বাৎসরিক মাহফিল চলছিল।
বাড়ির পাশে মাহফিল অনুষ্ঠিত হওয়ায় ওই স্কুল ছাত্রী মাহফিলে ঘুরতে আসে। পরে বাড়িতে যাওয়ার পথে সবুর ওই ছাত্রীকে জোর পূর্বক একটি বাগানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা এলাকাবাসীর সহায়তায় সবুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে ওই মামলায় সবুরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।