স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশা খালি ইউনিয়নে ধান কাটার প্রতিবাদ করায় ভাগ্নের হামলায় মামা মামি ও মামাতো ভাই গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা একটি স্বর্ণের চেইন,বেসলাইট ও একটি ঘড়ি ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহতদের মধ্যে শুক্কুর হাওলাদার(৫৪) ও রাহিমা বেগম (৪৫) কে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় হালতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রহিমা বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে আমার ননদের ছেলে এরশাদ,মজিবর, আব্দুর রহমান,ও নাহিদ সহ অজ্ঞাত আরো কয়েকজন আমাদের ইরি ক্ষেত থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়। এ সময় আমি সংবাদ পেয়ে ঘটনাস্হলে যাই এবং তাদেরকে প্রতিবাদ করি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা লাঠি সোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। পরে আমার ডাক চিৎকার শুনে আমার স্বামী শুক্কুর ও ছেলে আব্দুল্লাহ ঘটনাস্থলে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা। পরে স্থানীয়রা আমাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের চিকিৎসকরা আমাকে ও আমার স্বামীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।