স্টাফ রিপোর্টার।। বরগুনায় জমি-জমা বিরোধের জের ধরে বাপ ও ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এসময় নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ আগস্ট) সকালে বেতাগী উত্তর করুনার হাজী মার্কেটে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, জালাল হাওলাদার ও তার ছেলে মহসীন হাওলাদার। আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মহসীন জানান, তার সাথে একই গ্রামের সাইদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন শুক্রবার সকালে তার চাচাতো বোনের বিয়ের কেনাকাটার জন্য বেতাগীর উদ্দেশ্য রওয়ানা হয়। পথিমধ্যে হাজী মার্কেটে জলিলের চায়ের দোকানে চা খেতে থাকে। এসময় স্থানীয় সন্ত্রাসী সাইদুল, হানিফ, শাহ আলম ও মুবিন সহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকার শুনে জালাল মহসীনকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।