স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন কলস গ্রামে যৌতুক না দেয়ায় পাষন্ড স্বামীর হামলায় এক গৃহবধূ গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার(১ জুন) বেলা ১১ টায় কলস গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: সাদিয়া আক্তার সে ওই গ্রামের বাসিন্দা কাজী জয়নাল আবেদীনের ছেলে রাসেল হাওলাদারের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাদিয়া অভিযোগ করে বলেন, তার সাথে একই গ্রামের তেতুলতলা এলাকার কাজী জয়নাল আবেদীনের ছেলে রাসেল হাওলাদারের সাড়ে ৪ বছর আগে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়েতে মেয়ের সুখের কথা ভেবে সাদিয়ার অসহায় বাবা রাসেলকে নগদ অর্থ,স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল যৌতুক দেয়। বছর ঘুরতেই তাদের কোল জুড়ে আসে একটি ফুটফুটে পুত্রসন্তান। এরপর থেকেই রাসেলের শুরু হয় একের পর এক যৌতুকের চাহিদা। তারই সূত্র ধরে,ঘটনার দিন বৃহস্পতিবার তার ব্যবসা বাড়ানোর জন্য সাদিয়াকে তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে ক্ষিপ্ত হয়ে রাসেল, মা মুকুল বেগম, ভাবী সালমা আক্তার ও ভাগ্নে জুমি আক্তার সহ কয়েকজন সাদিয়াকে হত্যার উদ্দেশ্যে গলায় ওড়না পেঁচিয়ে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, রাসেলের সৌদি প্রবাসী বড় ভাই হাসানের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে। আর এরপর থেকেই সংসারে একের পর এক অশান্তি শুরু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তার বড় ভাই হাফেজের স্ত্রী লিমা ও সুমির মোবাইল ফোনে স্বীকারোক্তি ও রয়েছে। আহতের পরিবার রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।