স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার ৬ নং বাদলপাড়া চরামদ্দি ইউনিয়নে বোনের যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রী ও সমন্ধিসহ ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শেষ বাদল পাড়া গ্রামের হাওলাদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাদল পাড়া গ্রামের বাসিন্দা মৃত:বেলায়েত মোল্লার মেয়ে রাহিমা আক্তার, ছেলে পান্নু মোল্লা, নান্নু মোল্লা ও সোহেল মোল্লা। আহতদের মধ্যে পান্নু মোল্লা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত পান্নু মোল্লার ভাই নান্নু মোল্লা জানান, ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোন রাহিমাকে যৌতুকের দাবিতে মারধর করে তার পাষণ্ড স্বামী নুরুল ইসলাম হাওলাদার। সংবাদ পেয়ে সে ও তার দুই ভাই পান্নু ও সোহেল তাদের বাড়িতে যায়। এ সময় তারা নূরুলকে জিজ্ঞাসাবাদ করলে উত্তেজিত হয়ে নুরুল, রবিউল ও নূর হোসেন সহ অজ্ঞাত আরো কয়েকজন তাদেরকে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে পান্নু কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নান্নু, সোহেল ও রাহিমা প্রাথমিক চিকিৎসাধীন।
তিনি অভিযোগ করে আরো বলেন, রহিমার বিয়ের সময় নুরুলকে নগদ ৬০ হাজার টাকা ও এক লক্ষ টাকার মালামাল যৌতুক হিসেবে দেয়। ঘটনার দিন নুরুল ঘর উঠানোর জন্য রাহিমার পরিবারের কাছে দুই লক্ষ টাকা দাবি করে। এতে সে অপারগতা স্বীকার করলে সে রাহিমার ওপর অমানবিক নির্যাতন চালায়। ভুক্তভোগী ও পরিবার বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।