স্টাফ রিপোর্টার
বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক মুদি ব্যাবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ অর্থ ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় সঠিখোলা হাওলাদার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মামুন সরদার সে ওই গ্রামের বাসিন্দা নুরু সরদারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মামুন জানান, তার সাথে একই গ্রামের আকিক হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে সে চরমদ্দি বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।পথিমধ্যে হাওলাদার বাড়ির সামনে ওৎ পেতে থাকা আকিক হাওলাদার তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।