স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার কুয়াআউটা গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে শ্বাশুড়ি ও পুত্রবধূকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১টায় কুয়াআউটা গ্রামের মোল্লা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা হাতেম মোল্লার স্ত্রী ফরিদা বেগম ও পুত্রবধূ ফাতেমা বেগম। আহতদেরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হাতেম মোল্লার ৭৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে একই গ্রামের ফরিদ হাওলাদার ও তার পরিবারের। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন দুপুরে সেই জমিতে ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া হাতেম মোল্লার কয়েকটি গাছ জোরপূর্বক কর্তন করে একই গ্রামের ফরিদ হাওলাদার, কালাম হাওলাদার, সালাম খান, হুমায়ূন হাওলাদার, জাহিদুল হাওলাদার, নাঈম হাওলাদার, শামীম হাওলাদার ও নাদের হাওলাদার সহ অজ্ঞাত আরো ৫-৭জন। এ ঘটনায় হাতেম মোল্লার পরিবার বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষদের গাছ না নেয়ার জন্য নিষেধ করে। সেই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার ফরিদসহ অন্যান্যরা ফরিদাকে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকার শুনে ফাতেমা ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।