স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম কে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নগদ ৮৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি ঘড়ি ও একটি চশমা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ২ টায় চরমদ্দি মাঝের ব্রিজ সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তার সাথে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ এইচ এম সোহাগের দীর্ঘদিন ধরে বাস মিনি বাস মালিক সমিতিতে অবৈধভাবে সভাপতি হওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার দুপুরে সোহাগ জোরপূর্বক বাস মালিক সমিতির সভাপতি বলে দাবি করেন। যেখানে মালিক সমিতির বিধান রয়েছ মালিক সমিতিতে সদস্য হতে হলে নিজের নামে কোঠা থাকতে হবে। কিন্তু সোহাগের নামে কোন কোঠা নেই।
সেই সূত্র ধরে সোহাগ জাহিদুলের ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহাগ হাওলাদারের নেতৃত্বে সাইদুল হাওলাদার, নজরুল ইসলাম ও সোহেল সিকদার সহ অজ্ঞাত ২০-২৫ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে সাইকেলের চেইন দিয়ে গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। তার ডাক চিৎকার শুনে মালিক সমিতির সদস্যরা ঘটনাস্থল থেকে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, গত ৩০ (অক্টোবর) বুধবার সোহাগ মালিক সমিতির সভাপতি হওয়ার প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় আমার একটি মিনিবাস আটকে রেখে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে আমি বাকেরগঞ্জ সেনা ক্যাম্পে ও থানা একটি অভিযোগ দায়ের করলে সেনাবাহিনী গাড়ি উদ্ধার করে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এ ঘটনার সূত্রপাত। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান।