স্টাফ রিপোর্টার।। নগরীর বাংলাবাজার এলাকায় জোরপূর্বক জমিতে দালান নির্মাণকে কেন্দ্র করে হত্যার চেষ্টায় এক ঠিকাদারকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
শনিবার (৩ জুন ) বেলা সাড়ে ১১ টায় বাংলাবাজার এলাকার বড় বাড়ি গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: খান মো: মনিরুজ্জামান সোহাগ সে ওই এলাকার বাসিন্দা মৃত: আলহাজ্ব হাবিবুর রহমান খানের ছেলে ও পেশায় একজন ঠিকাদার। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সোহাগ জানান, তার সাথে পার্শ্ববর্তী আব্দুল মান্নান খলিফার দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।
এ ঘটনায় সোহাগ আদালত থেকে একটি নিষেধাজ্ঞা জারি করান। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১১ টায় মান্নান জোরপূর্বক সোহাগের জমির ভেতরে আড়াই ফুট বাড়িয়ে দালান নির্মাণ করে। এ সময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে আব্দুল মান্নান খলিফা, মেয়ে মিলি ও জামাতা রিপন সহ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।