বরিশালে সাংবাদিক হত্যাকারীদের বিচার ও আহত সাংবাদিকদের সু-চিকিৎসা,পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংবাদ সংগ্রহ কালে নিহত চার সাংবাদিক সহ সাগর-রুনি’র হত্যার বিচার ও আন্দোলনে আহত সাংবাদিকদের সু- চিকিৎসা, পুনর্বাসন ও বন্ধ গণমাধ্যম দ্রুত খুলে দেয়ার দাবীতে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (২৫) আগস্ট সকাল ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চীফ আযাদ আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল পেশাজীবী সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আকতার ফারুক শাহিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক মো. হুমায়ুন কবির, দৈনিক সংগ্রামের ব্যুরো চীফ অ্যাডভোকেট মু. শাহে আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তারা বলেন, অতীতে বহু সাংবাদিককে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। আহত করা হয়েছে অনেক সাংবাদিককে। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নিহত ও আহত সাংবাদিকদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা প্রদান ও পরিবারের সদস্যদের পুনর্বাসন করতে হবে। একই সাথে বন্ধ করে দেয়া সকল গণমাধ্যম খুলে দিয়ে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।