স্টাফ রিপোর্টার
বরিশাল শায়েস্তাবাদ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের দুই জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।
এসময় হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট চালায় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় চুরা মন গ্রামের মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলো, কবিতা ও তার ভাই জিহাদ। আহতদের মধ্যে জিহাদ প্রাথমিক চিকিৎসাধীন এবং কবিতাকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কবিতার মা নিলুফা জানান, তাদের পরিবারের সাথে পার্শ্ববর্তী রিপন সরদারের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন সন্ধ্যায় রিপন তার গরু দিয়ে জোরপূর্বক তাদের জমির ধান খাওয়ায়। বিষয়টি সে স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না কে জানালে সে ব্যবস্থা নেবে বলে জানান। পরে ঘটনার দিন সন্ধ্যায় রিপনের গরু তার ধান ক্ষেতে ছেড়ে দেয়।
এ সময় তার মেয়ে কবিতা রিপন কে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে রিপন সরদার, তার স্ত্রী আয়েশা ও ছেলে তাজিন সরদার সহ কয়েকজন কবিতাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকারে, জিহাদ ঘটনাস্থলে গেলে তাকে তারা টানা হেঁচড়া করে এক পর্যায়ে তারা তাকে বেধড়ক মারধর করে। আহতদের মধ্যে কবিতা শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।