নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জ পৌরশহরে থামানো ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে আরোহী দুইজন নিহত হয়েছেন। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. রিয়াজ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে রুহিতা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাকেরগঞ্জের চরামদ্দি উপজেলার বদরুল সিকদার (৬০) এবং বরিশাল নগরীর বটতলা এলাকার মনিরুজ্জামান বাচ্চু (৬১)। তারা পেশায় ঠিকাদার বলে জানা গেছে।
পুলিশ জানায়, মোটরসাইকেলটি পটুয়াখালী থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। একটি ভেকু মেশিন তোলার জন্য ট্রাকটি রাখা ছিল মহাসড়কের পাশে। তবে ট্রাকের সিগন্যাল বাতি ছিল না। দ্রুত গতির মোটরসাইকেল এসে ট্রাকের ওপর আছড়ে পড়ে। আহত দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌছানের আগেই তাদের মৃত্যু হয়।