নিজস্ব প্রতিবেদক
গাড়ি রাখাকে কেন্দ্র করে বরিশাল নগরীতে বাবা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টায় নগরীর ১০ নং ওয়ার্ডস্থ কেডিসি গোডাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো, জাহাঙ্গীর গাজী ও তার মেয়ে সাথী আক্তার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জাহাঙ্গীর জানান, ঘটনার দু’দিন আগে আমার পিকআপ ভ্যান কেডিসি গোডাউন এলাকায় আমার মেয়ের বাসার সামনে রাখি। এ সময় এলাকার মাদক ব্যবসায়ী বাদশা ও তার সহযোগীরা বাধা প্রদান করে।
এ নিয়ে আমার মেয়ে সাথীর সাথে তুমুল ঝগড়া হয়। এর জের ধরে সোমবার রাত ১০টায় আমি গাড়ি রেখে বাসার উদ্দেশ্যে রওয়ানা হই। পথে ওৎ পেতে থাকা বাদশা, রমজান ও সেলিম সহ কয়েকজন মিলে আমার পথ রোধ করে। একপর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে আমার মেয়ে সাথী ঘটনাস্থলে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।
পরে স্থানীয়রা আমাদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জাহাঙ্গীর অভিযোগ করে আরও বলেন, ঘটনার সময় আমার পকেটে থাকা নগদ ২৮ হাজার টাকা ও মেয়ের কানের একজোড়া স্বর্ণের দুল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।
এ ঘটনায় সাথী আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামী করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন তিনি।