স্টাফ রিপোর্টার
বরিশাল আদালতে মামলা করতে এসে আসামীদের হামলায় বাদী সহ ২ জন গুরুতর আহত হয়েছে। এ সময় নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডস্থ বিবির পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, মামলার বাদী এনায়েত হাওলাদার ও তার ভাগ্নে মাসুম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত এনায়েত জানান, গত ১৪ মার্চ তার জমিতে জোরপূর্বক পাকের ঘর নির্মাণ করে পার্শ্ববর্তী দুলাল হাওলাদার,হেলাল উদ্দিন হাওলাদার,কুদ্দুস মোল্লা, অপু হাওলাদার, দুলাল হাওলাদার,পনির হাওলাদার,জাকির হাওলাদার,রফিজ উদ্দিন হাওলাদার, কবির হাওলাদার, ও আব্দুর রহমান (খোকন) সহ ২০-৩০ জন। এ সময় সে বাধা প্রদান করলে তাকে এলোপাথাড়ি মারধর করে।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সোমবার দুপুরে এনায়েত ও মাসুম বরিশাল আদালতে তাদের বিরুদ্ধে মামলা করে আদালত থেকে বের হয়ে নগরীর সদর রোডস্থ বিবি পুকুর পাড় যায়।
এ সময় দুলাল সহ অন্যান্যরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় রাহাত তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।