পটুয়াখালীতে এক সপ্তাহে ৫২৩ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি
বরিশালের পটুয়াখালীতে এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন উপজেলার হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি। এর মধ্যেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা ছাড়িয়ে মেঝে, হাঁটার পথ, বারান্দা সবখানেই অস্থায়ী বিছানা পেতে ডায়রিয়ার রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। মশা-মাছি ও নোংরা পরিবেশের কারণে ভোগান্তিতে আছেন আগত রোগী এবং তাদের স্বজনরা। বাড়তি চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক-সেবিকারা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দিন যত যাচ্ছে, গরমের সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যাও তত বৃদ্ধি পাচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
প্রতি বছর মার্চ-এপ্রিলে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত এক সপ্তাহে ৫২৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর সংখ্যাও কম নয়। তবে ডায়রিয়ার রোগীর চাপে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এখন প্রায় ঠাঁই নেই।