স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার স্বরূপকাঠি নেছারাবাদ উপজেলার সেঙ্গল গ্রামে ছোট ভাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় বড় ভাই নাসির মৃধা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সেঙ্গল মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের ছোট ভাই জহির মৃধা জানান, গত দুই বছর পূর্বে সে পার্শ্ববর্তী সুপারি বাগানে সুপারি পাড়তে যায়। এ সময় দুর্গন্ধ আসলে সে দেখতে পায় স্থানীয় শাহিনের বাড়ীর পেছনে তার ভাই রুমান অপু নামে এক যুবককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখে। পরে স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে। সেই মামলায় জহির ১নং সাক্ষী হয়। এ নিয়ে জহিরের পরিবার ও শাহিনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার বিকেলে জুলহাস,শাহিন শেখ, সেন্টু, মারুফ,সামসু,ও সুজনসহ অজ্ঞাত আরো ৫-৭ জন সন্ত্রাসী তার বড় ভাই নাসির কে হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।