স্টাফ রিপোর্টার।। চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ঝালকাঠী জেলার সুবিদপুর ইউনিয়নে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তার একটি উন্নত মানের মোবাইল ফোন ভাঙচুর করে এবং তার সাথে থাকা নগদ এক ১ লক্ষ ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১২ জুন) রাত ১১ টায় নলবুনিয়া গ্রামের বাচ্চু মাস্টারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতের নাম জাকির মুন্সি। সে ওই গ্রামের বাসিন্দা মোকসেদ আলী মুন্সির ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত জাকির জানান, সে একজন ইট-সিমেন্ট ব্যবসায়ী। তার কাছে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ কামরুল জমাদ্দার ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বাচ্চু মাস্টারের বাড়ির সামনে ওৎ পেতে থাকা ছত্তার জমাদ্দারের ছেলে কামরুল জমাদ্দার ও তার ভাই রনি জমাদ্দার সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তার পথ রোধ করে। এ সময় তার কাছে পুনরায় চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে তারা জিআই পাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সাথে থাকা নগদ এক লক্ষ ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং একটি উন্নত মানের মোবাইল ফোন ভেঙে ফেলে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও তারা ২০১৬, ২০১৯ ও ২০২৩ সালে আমার সাথে এ রকম ঘটনা ঘটায়। সেই ঘটনায় থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করেছি। তাদের অত্যাচারে জাকির ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। তিনি সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।