স্টাফ রিপোর্টার।। নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একদিন মজুর কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় সে হামলা চালিয়ে ঘর ভাঙচুর ও নগদ ৪ হাজার টাকা, একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় কেডিসি বালুর মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আতের নাম: নয়ন পেদা। সে ওই এলাকার বাসিন্দা আব্দুস সালাম প্যাদার ছেলে ও পেশায় একজন দিনমজুর। বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত নয়ন জানান, তার সাথে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল প্যাদার দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন রবিবার দুপুরে রুবেল মাদক বহনের জন্য নয়নের মোটরসাইকেল চায়। এতে সে অপারগতা স্বীকার করলে উভয়ের মতবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল প্যাদা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।