স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামে জাল চুরির প্রতিবাদ করায় আফাজ উদ্দিন (৩০) নামে এক জেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জলদস্যুরা। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টায় ঠাকুর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ওই জেলেকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত আফাজ বলেন, ঘটনার দুই দিন আগে আমার মাছ ধরা জাল চুরি করে নেয় একই গ্রামের সেন্টু ও তার সহযোগীরা। ঘটনার দিন বুধবার সকালে সে তালতলী বাজারে যাওয়ার পথিমধ্যে কবির মেম্বরের বাড়ীর সামনে সেন্টুর সাথে দেখা হলে তার কাছে জাল ফেরত চায়।
এসময় পরিকল্পিতভাবে সেন্টু, মিন্টু, পিন্টু, মোজাম্মেল ও পেয়ারা সহ অজ্ঞাত আরো ৮-১০ জন তাকে হত্যার উদ্দেশ্যে কুঠাল,জিআই পাইপ,রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত কে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।