নিউজ ডেস্ক: ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন, তাদের জন্য ৩ লাখ ও আহতদের জন্য ১ লাখ টাকা দেওয়া হবে।
এর আগে, বুধবার দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও অটোরিকশাকে ধাক্কা দেয় ও বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৭ জন।
এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ঝালকাটি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে।
ঘাতক ট্রাকচালক আল আমিন ও তার সহযোগী (হেল্পার) নাজমুলকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়। সেসময় তারা ঝালকাঠি সদর হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসাধীন ছিলেন।