স্টাফ রিপোর্টার।। জাগুয়ায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে হাত-পা বেধে বেধড়ক মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭জুলাই) রাত ১০ টায় খয়েরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আয়ুব আলী জানান, সে প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে বাড়িতে যায়। এ সময় বাদশা মেম্বার তার মোবাইলে ফোন করে ঘর থেকে বের হতে বলে। সে ঘর থেকে বের হলেই মনা মুন্সি,সাগর, তার ভগ্নিমতি ও সেলিম সহ অজ্ঞাত আরো কয়েকজন তার হাত-পা বেঁধে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তাকে বিবস্ত্র করে এবং প্লাস দিয়ে তার লিঙ্গে আঘাত করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মনা মুন্সি ও তার ভাগ্নি জামাই’র দুটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি স্থানীয় ফকিরের কাছে জানালে ফকির তাদেরকে জানায় আইয়ুব আলী এই চুরির সাথে জড়িত। তারই সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।