স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ সহ দুই জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ইয়াবা ব্যবসায়ী মাহাতাব গাজী ও তার সহযোগীরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, ৩টি উন্নত মানের মোবাইল ফোন ও একটি টাকা ভর্তি মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ জুন) রাত সাড়ে ১০ টায় চরমোনাই ব্রীজের পূর্বে বালার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, বন্দর থানাধীন লাহারহাট এলাকার বাসিন্দা কামাল হাওলাদার ও তার ছেলে ফয়সাল হাওলাদার। পেশায় তারা মোদি ব্যবসায়ী। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ফয়সাল জানান, তারা দীর্ঘদিন ধরে লাহারহাট এলাকায় মোদি ব্যবসার সাথে পেট্রোল ও গ্যাসের ব্যবসা করে আসছে। তার সাথে একই এলাকার বাদশা গাজীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মাহাতাব গাজীর দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাত সাড়ে ১০ টায় দোকান বন্ধ করে সে তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে চরকাউয়া নানা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে চরমোনাই ব্রিজের পূর্বে ওৎ পেতে থাকা মাহাতাব গাজী সহ অজ্ঞাত আরো ৮-১০ জন সন্ত্রাসী তাদের পথ রোধ করে মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। একপর্যায়ে তারা তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় তাদের সাথে থাকা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা,৩ টি উন্নত মানের মোবাইল ফোন ও টাকা ভর্তি একটি মানিব্যাগ ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে কামালের অবস্থা আশঙ্কাজনক, তাকে যে কোন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারে বলে ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।