নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একসঙ্গে দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। যার একটির ওজন প্রায় ৪০ কেজি অন্যটির ওজন ৩৫ কেজি। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দুটি ভেসে এসেছে এমন খবর পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু। পরবর্তীতে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে কচ্ছপ দুটিকে মাটিচাপা দেওয়া হয়।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘মূলত কদিন আগে জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়া কারণে ওরা তীরে আসতে পারে।
এই কাছিমগুলোতে জেলিফিশ খেতে পছন্দ করে। আজকে যে কাছিম দুটি আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea) এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে কেউ আঘাত করেছে।