নিজস্ব প্রতিবেদক
বরিশাল কেন্দ্রীয় কারাগারে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন অসুস্থ হয়ে পড়লে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিরিন কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবরোধের দ্বিতীয় দিনে সাবেক এমপি বিলকিস জাহান শিরিন ও আবুল হোসেন খান সহ ১০ বিএনপি নেতা-কমীকে বরিশাল মহানগরীর সিএন্ডবি রোডে মিছল বের করার প্রক্কালে গ্রেপ্তার করে পুলিশ।
শিরিনের ভাই শামীম সাংবাদিকদের জানান, তার বোন দীর্ঘদিন ধরেই লিভার সমস্যায় ভুগছেন। সাথে রয়েছে শ্বাসকষ্ট জনিত সমস্যাও। তাকে নিয়মিত ওষুধ সেবন করতে হয়। পুলিশ বুধবার সকালে গ্রেফতার করার পর থেকেই তার ওষুধ সেবন অনিয়মিত হয়ে পরে। ফলে শারীরিক সমস্যা আরো প্রকট হয়েওঠে।
শামীম জানান , বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আপাকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই জেল হাজতে প্রেরণ করা হয়। রাত দুটোর দিকে আমরা জানতে পারি তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আমি কিছু বলতে পারিনা, জেল সুপার এর সাথে কথা বলুন। তবে জেল সুপার সাংবাদিকদের ফোন রিসিভ করেননি।