স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কাউনিয়ার পুরান পাড়া এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এক জমি ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ২১ হাজার ৫ শত টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কাউনিয়া হাউজিং জননী ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মনির হোসেন মেহেদী (৪০)। সে ওই এলাকার বাসিন্দা মৃত: সেকান্দার আলী খানের ছেলে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মনির বলেন, আমি একজন পেশাদার জমি ব্যবসায়ী। আমার কাছে দীর্ঘদিন ধরে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে একই এলাকার বাসিন্দা মানিক গাজীর ছেলে রাজিব ও সজীব। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার দুপুরে আমি কাউনিয়া হাউজিং সংলগ্ন জননী ফার্মেসিতে ঔষধ ক্রয় করে বাসার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ওৎ পেতে থাকা রাজিব, সজীব, সালমান, হাসান ও অভি সহ অজ্ঞাত আরো কয়েকজন আমার পথ রোধ করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি আপারগতা স্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি ডাক চিৎকার করলে স্থানীয়রা আমার দিকে ছুটে আসে এবং আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, রাজীব ও সজীব চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।