স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক স্কুল ছাত্রকে হত্যার চেষ্টায় ছুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে করেছে কিশোর গ্যাং বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮ টায় ধর্মাদি বসুরহাট ডাচ বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহতের নাম হৃদয় আকন। সে ওই এলাকার বাসিন্দা কামাল আকনের ছেলে ও কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী হৃদয়ের পরিবারের সাথে স্থানীয় কিশোর গ্যাং বাহিনীর পলক ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার রাতে বসুরহাট ডাচ বাংলা ব্যাংকের সামনে ওৎ পেতে থাকা কিশোর গ্যাং এর মূল হোতা পলক খানের নির্দেশে নাসির খান, মিরাজ খান, শিমুল তালুকদার, ও মুক্তাল তালুকদার সহ অজ্ঞাত আরো ৫-৭ জন হৃদয়কে পথ রোধ করে। একপর্যায়ে তাকে ছুড়িকাঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকার শুনে স্থানীয় জনতা ঘটনাস্থলে এগিয়ে আসে এবং হৃদয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন সার্জারি ইউনিট ৩ এর কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।