স্টাফ রিপোর্টার।। উজিরপুর উপজেলার জয়শ্রী ইউনিয়নে যৌতুক না দেয়ায় এক সেনা সদস্যের নির্দেশে এক গৃহবধূর উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছে তার পরিবার। মঙ্গলবার (২৮ মে) বিকেল সাড়ে ৫ টায় জয়শ্রী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম লিমিয়া আক্তার। সে ওই গ্রামের বাসিন্দা ও সেনা সদস্য আল আমিন বালীর স্ত্রী। বর্তমানে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত লিমিয়া জানান, সে ঢাকা সাভারে থাকা অবস্থায় ২০২২ সালে তার সাথে ফেসবুকে প্রথম পরিচয় হয় সৈনিক আল-আমিনের। পরে দুজনার সম্মতিতে শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আলামিন তার কাছে মোটা অংকের যৌতুক দাবি করে। সে অপারগতা স্বীকার করায় তার উপর অমানবিক নির্যাতন চালায়।
তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার বিকেলে আল আমিন তার কর্মস্থল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে তার মোবাইল ফোনে ফোন করে তার পিত্রালয় থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আনতে বলে। এতে সে অপারগতা স্বীকার করে। এক পর্যায়ে তার স্বামীর নির্দেশে শ্বাশুড়ি ফুলবানু জ্যা সুমাইয়া, সাদিয়া খানম, ভাসুর ইব্রাহিম, নাসির উদ্দিন, ও নন্দাই আলাউদ্দিন সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন তার হাত-পা বেঁধে মরিচের গুড়া চোখে ছিটিয়ে দেয়। এক পর্যায়ে উঠানে ফেলে মারধর করে। পরে সেখান থেকে ঘরে আটকিয়ে রেখে টানা ৫ ঘন্টা নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আল-আমিন পেশায় একজন সেনা সদস্য। বর্তমানে সে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছে। তার সৈনিক নং ১৬১৯ ৫৭২। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।