স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার ডিঙ্গা মানিক গ্রামে জমি থেকে উৎখাতের চেষ্টায় মাহমুদ আকন ও তার সহযোগীদের হামলায় নারী সহ একই পরিবারের ৪ জন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল ৫ টায় ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুফিয়া বলেন, আমাদের ৯০ শতাংশ পৈত্রিক সম্পত্তি জালিয়াতি করে ভুয়া রেকর্ড করিয়ে নেয় স্থানীয় ভূমিদস্যু শাহাদাত হোসেন শাওমি ও মাহমুদ আকন। এ ব্যাপারে ২০২২ সালে আদালতে রেকর্ড ভাঙার মামলা দায়ের করি। মাহমুদ দীর্ঘদিন ধরে মামলা উঠাতে বলে। আমরা রাজি না হওয়ায় ঘটনার দিন বিকেলে মাহমুদ আকন,আফান শাওমি, শহীদ শিকদার,মিন্টু শিকদার, জয়নাল শিকদার, রুমা,ও মুক্তা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন আমাদের বসত বাড়ি ছাড়তে বলে। আমরা অপারগতা স্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৪ জন গুরুতর জখম হয়। ওমর আলী ফকির তার স্ত্রী অজুফা বেগম ছেলে কাওসার ও তার স্ত্রী বৃষ্টি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, মাহমুদ ও তার বাহিনীর লোকজন আমাদেরকে হত্যা হামলাও মামলা সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে আসছে। তাদের ভয়ে ভুক্তভোগী পরিবার নিজের বাড়িতে উঠতে পারছে না। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীর কাছে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।