স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর রুপাতলী উকিলবাড়ী সড়কে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এসময় অলোক সজ্জার দোকানে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাট চালানোর অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে সৈকত নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় উকিল বাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মামুন গাজীর ছেলে সাকিম গাজী ও ভাই মাসুম গাজী। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাসুম জানান, ঘটনার দিন দুপুরে তার ভাতিজা সাকিম গাজীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে একই এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সোহাগ শিকদারের ছেলে সৈকতের তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে সৈকত ও তার বাবা সোহাগ সিকদারসহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। সাকিমের ডাক চিৎকার শুনে সে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও তারা লাঠিপেটা করে। এ সময় তার দোকানে হামলা চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা ও মালামাল লুটপাট চালায়। আহতদের মধ্যে সাকিম কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, রুপাতলী উকিলবাড়ী সড়কের ইয়াবা সম্রাট সোহাগ শিকদার ও তার ছেলের অত্যাচারে মাসুম ও তার পরিবার অতিষ্ঠ। সোহাগ ও তার ছেলের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। এদিকে সন্ধ্যার পর সোহাগের লোকজন মাসূমের বাড়িতে গিয়ে না পেয়ে নুর আলম ও তার ছেলে হৃদয়কে লাঠিপেটা করে গুরুতর জখম করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার জানান।