স্টাফ রিপোর্টার।। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টায় প্রতিবাদ করায় এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে সাকিব নামের এক যুবক। এ সময় একটি স্বর্ণের চেইন,দুইটি আংটি ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৮ এপ্রিল) রাত ১২টায় জয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের সরদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম খাদিজা বেগম সে ওই গ্রামের বাসিন্দা ও জেলে জাহাঙ্গীর সরদারের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বামী জাহাঙ্গীর জানান, প্রতিদিনের ন্যায় সে নদীতে মাছ ধরতে যায়। পার্শ্ববর্তী সোহেল ও তার স্ত্রী রেনু তার মেয়ে মিতুকে ঘরে একা রেখে জয়ারহাট বাজারে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসতে দেখে মিতু তার বাসায় আশ্রয় নেয়। এ সময় স্থানীয় বখাটে যুবক সাকিব জোরপূর্বক মিতুর হাত ধরে টানা হেচড়া করে এক পর্যায়ে ঘর থেকে বের করে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় খাদিজা দেখে তাকে বাঁধা প্রদান করে। পরে শাকিব তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য শাকিবের মা বিউটি তার পরিবারকে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে থাকে।তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার রাত ১২ টায় সে বাড়িতে না থাকার সুবাদে বিউটির নেতৃত্বে শাকিব ও রিয়াজ দরজা ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে। এ সময় তার ঘরে থাকা বটি দিয়ে খাদিজাকে জবাই দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় সে রক্তাক্ত জখম হলে বিউটি ঘটনাস্থলে ছুটে যায় এবং বিষয়টি কাউকে না বলার জন্য তার পরিবারকে অনুরোধ করে। পরে বিউটি স্থানীয় ফার্মেসি থেকে কিছু ঔষধ তার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে সে কেটে পড়ে। তার ডাক চিৎকার শুনে তার স্বজনরা খাদিজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তার অবস্থা আশংকা জনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।