স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জের পূর্ব সরশি গ্রামে খালে জাল ফেলানো কে কেন্দ্র করে তিন দফায় হামলা চালিয়ে এক জেলে ও তার শিশু সন্তানকে রক্তাক্ত জখম করেছে জলদস্যুরা। এ সময় নগদ সাড়ে ১২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ এপ্রিল) বেলা ১১টায় পূর্ব সরশির সেকান্দার মাতব্বরের দরজার খালে ও উকিলের হাটের পোলের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা মৃত: আদম আলী হাওলাদারের ছেলে শিপন হাওলাদার ও তার শিশুকন্যা লামিয়া। আহতদের মধ্যে শিপন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ও এজাহার সূত্রে জানা যায়, সে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বুধবার সকালে পার্শ্ববর্তী সেকান্দার মাতুব্বরের দরজার খালে জাল ফেলে। এ সময় সবুজ, শাহাবুদ্দিন ও শাহীন সেখানে জাল ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি পেটা করে। পরে সে সেখান থেকে উকিলের হাটের পোলের দিকে গেলে সেখানে সবুজ,শাহাবুদ্দিন, শাহিন, হারুন, ও শেফালী সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার মেয়ে লামিয়া বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে তারা পুনরায় মারধর করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা লামিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং শিপনের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরও বলেন, ঘটনার সময় জলদস্যুরা আমার পকেটে থাকা নগদ সাড়ে ১২ হাজার টাকা ও আমার মেয়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় শিপন বাদী হয়ে ৫ জনকে আসামি করে স্থানীয় থানায় একটি এজাহার দায়ের করেন।