স্টাফ রিপোর্টার।। বাউফল উপজেলার শৌলা গ্রামে জমি দখলের জের ধরে এক কৃষককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টায় শৌলা গ্রামের খান বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম রফিজ খান। সে ওই গ্রামের বাসিন্দা মৃত: রুস্তম আলী খানের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রফিজ জানান, তার দুই দাগের ৬৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে পার্শ্ববর্তী ভূমি দস্যু মোহাম্মদ খান ও তার ভাই ফিরোজ খান। তারই সূত্র ধরে গত ১১ রমজানে ইরি ক্ষেতের ব্লক নেয়াকে কেন্দ্র করে মোহাম্মদ খান ও ফিরোজ খান সহ কয়েকজন রফিজকে মারধর করলে সে আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। সেই ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মনির মোল্লা তাদেরকে সালিশ মীমাংসার আশ্বাস দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন বুধবার বিকেলে রেজাউল খান,মোহাম্মদ খান, ফিরোজ খান, খায়ের মিস্ত্রি ও রাশেদ সহ অজ্ঞাত আরো কয়েকজন রফিজকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানের কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও কয়েকবার মোহাম্মদ ও ফিরোজ আমার উপর হামলা চালায়। তাদের অত্যাচারে রফিজ ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। যে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির মোল্লার মুঠো ফোনে ফোন করলে তার ফোন রিসিভ হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।