স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর পলাশপুরে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জুলহাস (২৬) নামের এক যুবক আহত হয়েছে আহতকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার শতর অক্টোবর বিকেল পাঁচটায় ৫নং পলাশপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন জুলহাস জানান, তার স্ত্রী আফসানা আক্তার মিম স্থানীয় এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। তারই সূত্র ধরে ঘটনার দিন এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিম,শ্বশুর মজিবর রহমান, ও শাশুড়ি রোজিনা বেগম সহ কয়েকজন জুলহাস কে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় মিম জুলহাসের ডান হাতে কামড়ে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য: গত একমাস আগে জুলহাস মীমকে পরকীয়া প্রেম থেকে রক্ষা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেয়।
সেই মামলা আদালতে চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।