স্টাফ রিপোর্টার: শরীয়তপুর জেলার,ডামুইডা উপজেলার, পূর্বকান্দি গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেছে পাষণ্ড স্বামী। শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯ টায় পূর্বকান্দির ওস্তাবাড়ীতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধুর নাম: বেবি বেগম। সে ওই গ্রামের বাসিন্দা আল আমিনের স্ত্রী। বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বেবি জানান, ঘটনার দিন শুক্রবার রাতে তাকে তার পিত্রালয় থেকে যৌতুকের টাকা আনতে বলে তার স্বামী আলামিন। এতে সে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে আলামিন তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডামুইডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এর আগেও গত (১২ এপ্রিল) আলামিন বেবিকে টাকা আনতে বললে সে তার পিত্রালয় থেকে ৫ হাজার টাকা এনে দেয়। যৌতুকের জন্য তাকে প্রায় সময় মারধর করত বলে জানান তার স্বজনরা। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।